টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: পেটে ইনফেকশন নিয়ে হাসপাতালে অভিষেক শর্মা, নামিবিয়া ম্যাচের আগে চাপে ভারত

আগামী ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় বিপাকে ভারতীয় দল। বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে পেটে গুরুতর সংক্রমণের কারণে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর নামিবিয়া ম্যাচে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বর্তমানে হাসপাতালে তাঁর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
জানা গেছে, আমেরিকার (USA) বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। সেই ম্যাচে তিনি গোল্ডেন ডাক (প্রথম বলেই আউট) করে মাঠ ছাড়েন এবং ফিল্ডিংয়ের সময়ও তাঁর জায়গায় সঞ্জু স্যামসনকে দেখা যায়। ম্যাচ শেষে জানা যায়, অভিষেকের তীব্র জ্বর ছিল এবং তাঁকে ড্রিপ দেওয়া হয়েছিল। সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন, অভিষেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর সুস্থ হয়ে ফিরতে কয়েকদিন সময় লাগতে পারে।
অভিষেকের অনুপস্থিতিতে ওপেনিং জুটিতে বড় রদবদল হতে পারে। মনে করা হচ্ছে, ঈশান কিষানের সাথে ইনিংস শুরু করতে পারেন সঞ্জু স্যামসন। তবে স্বস্তির খবর হলো, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ইতিমধ্যেই স্কোয়াডে যোগ দিয়েছেন। পাশাপাশি জসপ্রীত বুমরাহও ১০ দিনের বিরতি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন, যা ভারতীয় বোলিং বিভাগের জন্য বড় স্বস্তি।