সৈফইয়ে যোগী ম্যাজিক! যমুনার তীরে তৈরি হচ্ছে এশিয়ার অন্যতম বড় ট্রমা সেন্টার, বদলে যাবে পশ্চিম ইউপির ভাগ্য?

উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামোয় এক ঐতিহাসিক বিপ্লব আনতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস (সৈফই)-এর বোর্ড অফ গভর্নরস-এর সভায় একগুচ্ছ যুগান্তকারী প্রকল্পের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে প্রধান আকর্ষণ হলো ২৫০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক ‘লেভেল-১ ট্রমা সেন্টার’।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, আগ্রা-লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়ে থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এই দূরত্বটুকুর কারণেই অনেক সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়ে। গোল্ডেন আওয়ারের গুরুত্ব বুঝে তাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় এই ট্রমা সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এটি কেবল একটি হাসপাতাল নয়, পশ্চিম ও মধ্য উত্তরপ্রদেশের জন্য একটি বিশাল হেলথ হাবে পরিণত হতে চলেছে।
গ্রামীণ স্বাস্থ্য ও ডিজিটাল বিপ্লব গ্রামীণ ভারতের চিকিৎসা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ‘সেন্টার ফর রুরাল হেলথ’ স্থাপনের ঘোষণা করেছেন যোগী। এখানে টেলি-ওপিডি, ভার্চুয়াল ওপিডি এবং ডিজিটাল ডেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে শহরের বড় ডাক্তারদের পরামর্শ দেওয়া হবে। এছাড়া থাকবে মোবাইল হেলথ আউটরিচ ভ্যান, যা সরাসরি মানুষের দরজায় পৌঁছে যাবে।
এলোপ্যাথি ও আয়ুশের মেলবন্ধন বিশ্ববিদ্যালয় চত্বরে গড়ে তোলা হবে ‘ইন্টিগ্রেটিভ মেডিসিন ইউনিট’। যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের (অ্যালোপ্যাথি) পাশাপাশি আয়ুর্বেদ ও যোগব্যায়ামকে যুক্ত করে রোগীদের সুস্থ করা হবে। এছাড়া সচেতনতা প্রসারের জন্য চালু হবে নিজস্ব ‘কমিউনিটি ব্রডকাস্ট সার্ভিস’, যা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।