বাবা সিদ্দিকি হত্যা মামলা: ২৭ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন আদালতের, এবার কি লরেন্স বিষ্ণোইয়ের সাম্রাজ্য খতম?

এনসিপি (NCP) নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে বড়সড় মোড় নিল আইনি প্রক্রিয়া। মঙ্গলবার মুম্বইয়ের বিশেষ মকোকা (MCOCA) আদালতে এই মামলার ২৭ জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), অস্ত্র আইন এবং মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন (MCOCA)-এর কড়া ধারায় এই বিচারপ্রক্রিয়া শুরু হলো। এই পদক্ষেপ কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

আদালতে কী ঘটল? এদিন চার্জ গঠনের সময় ২৭ জন অভিযুক্তের মধ্যে ১৫ জনকে আদালতে পেশ করা হয়। বাকিদের পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। আসামী পক্ষের আইনজীবী অজিঙ্ক মিরগল জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো অভিযুক্তই নিজের অপরাধ স্বীকার করেননি। আসামী পক্ষ দাবি করেছে যে, অনেককে ভুলভাবে ফাঁসানো হয়েছে এবং তদন্তে অনেক খামতি রয়েছে।

মকোকা কেন গুরুত্বপূর্ণ? পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলির দাবি, এই হত্যাকাণ্ড স্রেফ ব্যক্তিগত শত্রুতা নয়, বরং একটি পরিকল্পিত সংগঠিত অপরাধ। লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের দায় স্বীকার করেছিল। তাই সাধারণ আইনের পাশাপাশি মকোকা (MCOCA)-র ধারা যুক্ত করা হয়েছে, যাতে আসামীরা সহজে জামিন না পায় এবং কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।

তদন্তে জোরালো তথ্য: প্রসিকিউশনের দাবি, তাদের কাছে পর্যাপ্ত ডিজিটাল ও ফরেনসিক প্রমাণ রয়েছে যা আসামীদদের এই অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত করে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া বেআইনি অস্ত্র এবং মোবাইলের তথ্য বিচারপ্রক্রিয়ায় প্রধান হাতিয়ার হবে। মুম্বইয়ের রাজনীতির প্রভাবশালী মুখ বাবা সিদ্দিকির এই নৃশংস হত্যাকাণ্ড গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল, তাই নিরাপত্তার খাতিরে আদালত চত্বরেও কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।