‘এতে অস্বাভাবিক কী?’ সুপ্রিম কোর্টে মমতার সওয়াল নিয়ে হিন্দু মহাসভাকে কড়া জবাব প্রধান বিচারপতির!

সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করা নিয়ে যে বিতর্কের মেঘ জমেছিল, সোমবার তাতে কার্যত জল ঢেলে দিল দেশের শীর্ষ আদালত। অখিল ভারত হিন্দু মহাসভার করা এক আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত সাফ জানিয়ে দিলেন, একজন মুখ্যমন্ত্রীর আদালতে এসে বক্তব্য রাখা কোনওভাবেই অস্বাভাবিক নয়, বরং এটি সংবিধানের প্রতি তাঁর গভীর আস্থা ও বিশ্বাসের পরিচয়।

বিতর্কের সূত্রপাত হয়েছিল গত বুধবার। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) মামলার শুনানির সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আইনজীবীদের সঙ্গেই সামনের সারিতে দাঁড়িয়ে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে ‘সাংবিধানিক ভাবে অনুচিত’ দাবি করে মামলা করে হিন্দু মহাসভা। তাদের যুক্তি ছিল, নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর এভাবে ব্যক্তিগতভাবে অংশ নেওয়া ঠিক নয়। আজ সেই প্রসঙ্গ উঠতেই প্রধান বিচারপতি পাল্ট প্রশ্ন করেন, “এতে অস্বাভাবিক কী আছে? এই বিষয়টিকে দয়া করে রাজনীতিকরণ করবেন না।”

আদালত স্পষ্ট করে দিয়েছে, দেশের সর্বোচ্চ আদালতে এসে নিজের বক্তব্য জানানো কোনও জনপ্রতিনিধির মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। উল্লেখ্য, ওই দিনের শুনানিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে SIR প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে এবং অত্যন্ত তাড়াহুড়ো করে কাজ শেষ করার চাপ দেওয়া হচ্ছে। সোমবার শীর্ষ আদালত আরও একবার স্পষ্ট করে দিয়েছে যে, SIR প্রক্রিয়ায় কোনও বাধা বরদাস্ত করা হবে না, তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে নির্বাচন কমিশনের কাজের যে ফারাক রয়েছে, তাও আদালতের নজরে এসেছে।