ট্রাম্পের কলমে কপাল ফিরল বাংলাদেশের! বাণিজ্য চুক্তিতে বড় ছাড় আমেরিকার, সস্তা হচ্ছে পোশাক রফতানি

বাংলাদেশি পণ্যের বিশ্ববাজারে আধিপত্য ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের সাথে এক ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করল ঢাকা। মঙ্গলবার স্বাক্ষরিত এই চুক্তির ফলে আমেরিকায় বাংলাদেশি পণ্য রফতানির পথ আরও প্রশস্ত হলো। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন ‘পারস্পরিক’ শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে সই করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্যদিকে আমেরিকার হয়ে স্বাক্ষর করেছেন সে দেশের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রাথমিকভাবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ মোটা হারের শুল্ক আরোপ করেছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর গত আগস্টে তা কমে ২০ শতাংশে দাঁড়ায়। এবার নতুন চুক্তির মাধ্যমে তা আরও এক ধাপ কমিয়ে ১৯ শতাংশে আনা হলো। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন ও অরাজকতার কারণে বাংলাদেশের প্রধান রফতানি ক্ষেত্র ‘টেক্সটাইল ও পোশাক শিল্প’ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই নতুন চুক্তি সেই ক্ষত মেরামতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
সবচেয়ে আশাব্যঞ্জক খবর হলো, নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাক পণ্যের ক্ষেত্রে আমেরিকা ভবিষ্যতে শুল্কের হার পুরোপুরি ‘শূন্য’ করে দিতে পারে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, এই শুল্ক ছাড়ের ফলে বাংলাদেশের পোশাক রফতানিকারকরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় অনেক এগিয়ে যাবে। হোয়াইট হাউসের জারি করা যৌথ বিবৃতিতে এই বাণিজ্যিক সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং মজবুত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।