ওজন বেশি না সুগার? অজান্তেই গলছে লিভার! ল্যানসেটের গবেষণায় ভারতীয়দের জন্য ভয়াবহ বার্তা

আপনার লিভার কি সুস্থ আছে? সম্প্রতি ‘দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ সাউথইস্ট এশিয়া’-য় প্রকাশিত একটি গবেষণাপত্র ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গবেষণায় দাবি করা হয়েছে, ভারতে প্রায় ৩৮.৯% প্রাপ্তবয়স্ক মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। আরও উদ্বেগের বিষয় হলো, এদের মধ্যে একটি বড় অংশের শরীরে ইতিমধ্যেই লিভার ফাইব্রোসিসের মতো মারাত্মক লক্ষণ দেখা দিতে শুরু করেছে।

চিকিৎসকদের মতে, ফ্যাটি লিভার প্রধানত দুই ধরনের— অ্যালকোহলিক এবং নন-অ্যালকোহলিক। তবে বর্তমান গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেটাবলিক ডিসফাংশন বা বিপাকীয় সমস্যার কারণে হওয়া ফ্যাটি লিভার, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে MASLD। অবাক করার মতো বিষয় হলো, যারা মদ্যপান করেন না, মূলত স্থূলতা (Obesity) এবং উচ্চ রক্তে শর্করার (Diabetes) কারণে তাঁদের লিভারেই জমছে চর্বির পাহাড়। এই রোগে আক্রান্তদের মধ্যে ৬.৩% মানুষের লিভারে ফাইব্রোসিসের প্রবণতা মিলেছে। আর যাদের ডায়াবেটিস ও ওজন দুই-ই বেশি, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে দাঁড়িয়েছে ৮-৯ শতাংশে।

কেন এই রোগকে ‘নীরব ঘাতক’ বলা হয়? কারণ, ফ্যাটি লিভারের প্রাথমিক পর্যায়ে কোনো নির্দিষ্ট উপসর্গ দেখা যায় না। যখন জটিলতা বাড়ে, তখন রোগটি লিভার সিরোসিস বা ক্যানসারের রূপ নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সময় থাকতে আল্ট্রাসাউন্ড বা ফাইব্রোস্ক্যান করালে এটি ধরা সম্ভব। আশার কথা হলো, সঠিক জীবনধারা এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভারতের প্রায় ৪০% মানুষ এখন এই বিপদের মুখে, তাই আজই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।