“ববি হাকিমের কলার ধরব!” ভরা সভায় চরম চরম হুঁশিয়ারি দিলেন বিস্ফোরক হুমায়ুন কবীর

মুর্শিদাবাদের রাজনীতিতে ফের একবার বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি। এবার বিস্ফোরক দাবি করে তিনি জানালেন, তৃণমূল নাকি মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে ১৪টি তাঁকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে! তবে এই প্রস্তাবে যে তিনি মোটেও গলছেন না, তা সাফ জানিয়ে দিয়েছেন একসময়ের দাপুটে এই নেতা।

তৃণমূলকে ‘শূন্য’ করার চ্যালেঞ্জ: হুমায়ুন কবীর হুঙ্কার দিয়ে বলেন, “এক সময় ভরতপুরের টিকিট দেবে কি না তা নিয়ে টালবাহানা করেছে তৃণমূল। আমার বিরুদ্ধে ব্লক সভাপতিদের লেলিয়ে দেওয়া হয়েছিল। আর এখন বলছে ১৪টি আসন নিয়ে ওদের সঙ্গে থাকতে! লজ্জা করে না? আমি মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করে ছাড়ব।” শুধু মুর্শিদাবাদ নয়, মালদহ ও দুই দিনাজপুর মিলিয়ে মোট ৪৯টি আসনের মধ্যে ৩৫টি আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছেন তিনি। রেজিনগরের এক সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন যে, তাঁর দলের প্রার্থীকে অন্তত ৭৮ হাজার ভোটের লিড দিতে হবে।

ফিরহাদ হাকিমকে সরাসরি আক্রমণ: এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও বেনজির ভাষায় আক্রমণ করেন হুমায়ুন। খিদিরপুরের এক পুরনো ঘটনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “ববি হাকিম যেদিন মুর্শিদাবাদে পা রাখবেন, তাঁর কলার ধরে গাড়ি থেকে নামাব। প্রয়োজনে এর জন্য আবার জেলে যেতেও রাজি আছি।” আগামী ২৮শে ফেব্রুয়ারি ভোট ঘোষণার সম্ভাবনা উসকে দিয়ে তিনি দাবি করেন, নির্বাচনের সময় তৃণমূলের ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া যাবে না।

হুমায়ুনের এই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। বিজেপির বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্রের মতে, হুমায়ুনের দাবি সত্যি হলে বুঝতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবল চাপে রয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ‘আসন ছাড়ার প্রস্তাব’ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।