AI নিয়ে ভয়? নাকি প্রযুক্তির দাসত্ব? ‘পরীক্ষা পে চর্চা’য় ছাত্রদের মোক্ষম দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী

সোমবার সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’-এর দ্বিতীয় পর্ব। এদিন তামিলনাড়ুর পড়ুয়াদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধুনিক বিশ্বের সবথেকে বড় চ্যালেঞ্জ অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দেন।

প্রযুক্তির দাস নয়, মালিক হতে হবে: ইন্টারনেট এবং গ্যাজেটের প্রতি পড়ুয়াদের ক্রমবর্ধমান আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রযুক্তির গোলাম হওয়া উচিত নয়। প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমাদের নিজস্ব সৃজনশীলতা এবং ক্ষমতা বৃদ্ধি পায়।” আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI সম্পর্কে ছাত্রদের আশ্বস্ত করে তিনি জানান যে, AI নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বরং একে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে।

পিপিএম-এর নতুন ফর্ম্যাট: এবারের ‘পরীক্ষা পে চর্চা’ একটু ভিন্ন ধাঁচে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী কেবল দিল্লিতে সীমাবদ্ধ না থেকে পৌঁছে যাচ্ছেন দেশের চার প্রান্তের চার রাজ্য— তামিলনাড়ু, ছত্তিশগড়, গুজরাট এবং অসমে। উদ্দেশ্য একটাই, বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের শিক্ষাগত পরিবেশ এবং মানসিক চাপকে সরাসরি অনুধাবন করা। টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আত্মবিশ্বাস বৃদ্ধি— সমস্ত বিষয়েই ছাত্রদের পরামর্শ দিচ্ছেন দেশনায়ক।