‘মন্দিরের পাশে মদের দোকান কেন?’ উত্তাল ভোপাল, আরেরা কলোনিতে মহিলারা নামলেন রণংদেহি মেজাজে

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অন্যতম অভিজাত এলাকা আরেরা কলোনি আজ রণক্ষেত্রের চেহারা নেয়। সৌজন্যে—একটি ইংরেজি মদের দোকান। স্থানীয় আর্য সমাজ মন্দিরের ঠিক ৫০ মিটারের মধ্যে এই দোকান খোলার প্রতিবাদে রবিবার রাস্তায় নামলেন এলাকার কয়েকশো মহিলা। ‘শান্তি ফিরিয়ে দাও, মদের ঠেক হটাও’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা চত্বর। বিক্ষোভকারীদের দাবি, মন্দিরের এত কাছে মদের দোকান ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে।

মদপায়ীদের তাণ্ডব ও নিরাপত্তাহীনতা: বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দা সরোজ লতা জানান, “মন্দির থেকে মাত্র ৫০ মিটার দূরে মদের দোকান সামাজিক পরিবেশ বিষিয়ে দিচ্ছে। সন্ধে নামলেই এখানে মদ্যপদের ভিড় জমে। মহিলাদের মন্দিরে যাওয়া বা শিশুদের রাস্তায় বের হওয়া দায় হয়ে পড়েছে। অসামাজিক কার্যকলাপ পাল্লা দিয়ে বাড়ছে।” বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার আবগারি দফতর ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়েই তারা পথে নেমেছেন।

রাজনৈতিক ও প্রশাসনিক মোড়: পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিকে সমর্থন জানান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো। উল্লেখ্য, ভোপালের অনেক জায়গায় নিয়ম ভেঙে স্কুল বা ধর্মীয় স্থানের পাশে মদের ঠেক খোলার অভিযোগ উঠছে। আরেরা কলোনির এই আন্দোলন এখন প্রশাসনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। মহিলারা সাফ জানিয়ে দিয়েছেন, দোকান না সরানো পর্যন্ত লড়াই চলবে।