ফুসফুসে আটকে আস্ত LED বাল্ব! ভাদোদরার হাসপাতালে একরত্তির এক্স-রে দেখে থমকে গেলেন চিকিৎসকরা

গুজরাটের ভাদোদরার গোত্রী হাসপাতালের চিকিৎসকরা এক বছরের এক শিশুর এক্স-রে রিপোর্ট দেখে রীতিমতো স্তম্ভিত। গত দুই মাস ধরে লাগাতার সর্দি, কাশি এবং জ্বরে ভুগছিল আনন্দ জেলার মালসার গ্রামের এই শিশুটি। প্রাথমিক চিকিৎসা এবং নিউমোনিয়ার ওষুধের পরেও অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে গোত্রী হাসপাতালে রেফার করা হয়। সেখানে ইএনটি (ENT) বিভাগে পরীক্ষা করতেই ধরা পড়ে আসল রহস্য।

দেখা যায়, শিশুটির ডান দিকের ব্রঙ্কাস বা প্রধান শ্বাসনালীতে ১ সেন্টিমিটার চওড়া একটি আস্ত LED বাল্ব আটকে রয়েছে। এর ফলে ডান দিকের ফুসফুসটি প্রায় অকেজো হয়ে যাওয়ার পথে ছিল। গত ৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তির পর ৫ ফেব্রুয়ারি চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

বিভাগীয় প্রধান ডাঃ হিরেন সোনি জানান, “বাল্বটি এক মাসেরও বেশি সময় ধরে ভেতরে থাকায় তা শ্বাসনালীর টিস্যুর গভীরে আটকে গিয়েছিল। অ্যানেস্থেশিস্টের সাহায্যে অক্সিজেনের মাত্রা বজায় রেখে মাত্র এক মিনিটেরও কম সময়ে সফলভাবে ব্রঙ্কোস্কোপি করে বাল্বটি বের করা হয়।” বর্তমানে শিশুটি বিপন্মুক্ত এবং তার ফুসফুস স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করেছে। চিকিৎসকদের পরামর্শ, ছোট শিশুদের নাগালের মধ্যে ছোট ইলেকট্রনিক বস্তু বা খেলনা রাখা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।