শনিবার কি কালবৈশাখীর তাণ্ডব? উত্তরপ্রদেশ-বিহারসহ ৭ রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি আইএমডি-র!

শীতের বিদায়বেলায় আবারও খামখেয়ালি আবহাওয়ার মুখে দেশ। আগামী ৭ ফেব্রুয়ারি উত্তর ভারতসহ দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন (IMD)। একদিকে যখন দুপুরে কড়া রোদে শীতের আমেজ ফিকে হচ্ছে, ঠিক তখনই দুটি শক্তিশালী ‘পশ্চিমী ঝঞ্ঝা’র (Western Disturbance) আগমনে তোলপাড় হতে পারে আবহাওয়া। মৌসম ভবনের মতে, প্রথম ঝঞ্ঝার প্রভাব শুরু হয়েছে ৬ ফেব্রুয়ারি থেকে এবং দ্বিতীয়টি সক্রিয় হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে।
দিল্লি এবং পার্শ্ববর্তী এনসিআর এলাকায় ৭ ফেব্রুয়ারি আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও ঘণ্টায় প্রায় ২৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরপ্রদেশ ও বিহারের চিত্রটা কিছুটা আলাদা। পাহাড় থেকে আসা কনকনে ঠান্ডা হাওয়ার কারণে লখনউসহ উত্তরপ্রদেশের সমতলে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বিস্তীর্ণ এলাকা। বিহারে রোদের দাপট থাকলেও ভোরে কুয়াশার দাপট বজায় থাকবে। রাজস্থানের সিকারে ইতিমধ্য়েই দেশের সর্বনিম্ন তাপমাত্রা (৪.৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে, যা আগামী কয়েকদিন বজায় থাকার ইঙ্গিত রয়েছে।
সবথেকে বেশি সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি রাজ্যগুলোতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ৭ ও ৮ ফেব্রুয়ারি ভারী তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী ১০-১৫ দিনের মধ্যে সমতল থেকে শীত বিদায় নিতে শুরু করলেও, পাহাড়ের এই দুর্যোগ আপাতত বজায় থাকবে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।