আধার কার্ড কি আচমকা বাতিল হতে পারে? কোন ভুলে বিপদে পড়তে পারেন আপনি, জেনে নিন বিশদে

সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট— আধার ছাড়া সবটাই অচল। কিন্তু সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ জানিয়েছেন, জালিয়াতি রুখতে ২.৫ কোটি মৃত ব্যক্তির আধার বাতিল করেছে কেন্দ্র। এরপরই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের আধার কার্ড কোন কোন কারণে বাতিল বা ডিঅ্যাক্টিভেট হতে পারে?

আধারের ‘ডেঞ্জার জোন’: কেন বাতিল হতে পারে কার্ড?

ডুপ্লিকেট আধার: একই ব্যক্তির নামে বা তথ্যে একাধিক আধার থাকলে তা বাতিল হবে।

বায়োমেট্রিক সমস্যা: হাতের ছাপ বা চোখের মণির তথ্য (Iris scan) বারবার মিল না খেলে নিরাপত্তা খাতিরে আধার নিষ্ক্রিয় হতে পারে।

ভুয়ো নথি: ভুল নাম, ঠিকানা বা জাল নথিপত্র দিয়ে আধার বানালে ধরা পড়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়।

বাচ্চাদের আধার: শিশুদের ৫ বছর এবং ১৫ বছর বয়সে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট না করালে আধার কাজ করা বন্ধ করে দেয়।

আদালতের নির্দেশ: কোনো আইনি তদন্তের স্বার্থে সরকারি নির্দেশে আধার সাময়িকভাবে স্থগিত হতে পারে।

দীর্ঘদিন ব্যবহার না করলে কি আধার বন্ধ হয়? সাধারণত ব্যবহার না করার জন্য আধার বাতিল হয় না। তবে ১০ বছর পুরনো আধারের ক্ষেত্রে নথি (ID ও Address Proof) আপডেট না করালে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনার আধার সক্রিয় কি না তা জানতে UIDAI-এর পোর্টালে গিয়ে ‘Aadhaar Status’ যাচাই করে নিন। এমনকি পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে এখন MyAadhaar পোর্টাল থেকে বাড়িতে বসেই তা জানানোর সুযোগ রয়েছে।