রাজ্যপালের নিয়োগ, মুখে মমতার স্তুতি! বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দিয়েই শোরগোল ফেললেন আবু তালেব

রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে কাটল জট। বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক আবু তালেব খান। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে নিয়োগ করলেও, দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর মুখে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর আইনি ডিগ্রি নিয়ে যারা সমালোচনা করতেন, তাঁদের কড়া জবাব দিয়েছেন নতুন উপাচার্য।

অধ্যাপক আবু তালেব খান বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথা বলে দেখিয়ে দিলেন তাঁর ‘ল’ ডিগ্রি রয়েছে। তিনি যদি আইন না পড়তেন, তবে সেখানে যেতে চাইতেন না। কেউ যখন কোনো ডিগ্রি অর্জন করে জনসমক্ষে তা প্রমাণ করে দেন, তখন আমাদের চোখ খুলে যায়।” মুখ্যমন্ত্রীর শিক্ষার প্রতি অনুরাগের প্রশংসা করে তিনি আরও বলেন, মা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্মের চিন্তা থাকে না। রাজ্যপালের দ্বারা নিয়োগ হয়েও উপাচার্যের মুখে এমন ‘মমতা-বন্দনা’ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও শিক্ষামহলে জোর চর্চা শুরু হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর আগামী দিনের রূপরেখাও স্পষ্ট করেছেন আবু তালেব খান। তিনি জানান, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের পাশাপাশি কারিগরি শিক্ষার (Technical Education) ওপর বিশেষ জোর দেবেন তিনি, যাতে পড়ুয়াদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে। শীঘ্রই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থায়ী নিয়োগ এবং অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী নিজে এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছিলেন।