মুম্বইয়ের মসনদে কি এবার নারীশক্তি? বিজেপির তুরুপের তাস এই তিন হেভিওয়েট নেত্রী!

দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতের সবচেয়ে ধনী পুরসভা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) পেতে চলেছে তার নতুন মেয়র। শনিবার সকালেই এই পদের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ১১ ফেব্রুয়ারি হতে চলা এই নির্বাচনের দিকে এখন তাকিয়ে গোটা দেশ।
তালিকায় এগিয়ে তিন হেভিওয়েট নেত্রী সূত্রের খবর, শনিবার সকাল ৯টায় বিএমসি সদর দপ্তরে বিজেপি কাউন্সিলরদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই চূড়ান্ত হবে মেয়রের নাম। মুম্বই বিজেপি সভাপতি অমিত ভাস্কর সতম এই ঘোষণা করবেন বলে জানা গেছে। বর্তমানে লড়াইয়ে তিনটি নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে— রাজশ্রী শিরওয়াদকর, ঋতু তাওড়ে এবং শীতল গম্ভীর।
-
রাজশ্রী শিরওয়াদকর: তিনবারের কাউন্সিলর এবং মুম্বই বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ শিরওয়াদকর-এর স্ত্রী। দলের অন্দরে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি বড় শক্তি।
-
ঋতু তাওড়ে: ঘাটকোপার থেকে তিনবার জয়ী হওয়া এই নেত্রী এর আগে শিক্ষা কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
-
শীতল গম্ভীর: মাহিমে দু’বারের কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক সুরেশ গম্ভীরের কন্যা। বর্তমানে তিনি বিজেপি মহিলা মোর্চার দায়িত্বেও রয়েছেন।
ক্ষমতার বিন্যাস ও সমীকরণ মহাজুতি (Mahayuti) জোটের চুক্তি অনুযায়ী, মেয়র পদটি বিজেপির দখলে থাকলেও ডেপুটি মেয়রের পদটি দেওয়া হবে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে। আগামী ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বিএমসি সদর দপ্তরে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে। গত ১৫ জানুয়ারির নির্বাচনে ২২৭টি আসনের মধ্যে বিজেপি-শিবসেনা জোট ১১৮টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এনসিপি-র ৩টি আসনের সমর্থন মেলায় জোটের শক্তি এখন ১২১। ফলে বিজেপির মেয়র হওয়া এখন সময়ের অপেক্ষা।