বিমানবন্দরে চরম অশান্তি! সাংবাদিকদের প্রশ্ন শুনেই মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ

রুপোলি পর্দার ‘সরফরোশ’ তারকা নাসিরুদ্দিন শাহ বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। কিন্তু এবার হায়দ্রাবাদ বিমানবন্দরে তাঁর মেজাজ হারানোর ঘটনায় শোরগোল পড়ে গেল বিনোদন জগতে। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বেরোনোর সময় এক সাংবাদিকের প্রশ্নে রীতিমতো ফেটে পড়লেন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাঁর স্ত্রী রত্না পাঠক শাহকে কার্যত টেনে সরিয়ে নিয়ে যেতে হয় তাঁকে।
ঘটনার সূত্রপাত একটি বিতর্কিত প্রবন্ধ নিয়ে। সম্প্রতি নাসিরুদ্দিন শাহ দাবি করেছিলেন যে, রাজনৈতিক চাপের কারণে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ‘জশন-এ-উর্দু’ অনুষ্ঠান থেকে শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়েছে। বিমানবন্দরে সেই রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান নাসির। প্রথমে তিনি কথা বলতে অস্বীকার করলেও সাংবাদিক নাছোড়বান্দা হয়ে তাঁর গাড়ির পেছন ধাওয়া করেন। এতেই ক্ষুব্ধ হয়ে নাসিরুদ্দিন শাহ রিপোর্টারের মাইক সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠেন।
ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ অভিনেতা বলছেন, “আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলেছি আমি কথা বলতে চাই না, তবুও কেন আমাকে বিরক্ত করছেন?” রিপোর্টার পাল্টা প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, “আপনি মাইকটা আমার মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছেন।” পরিস্থিতির অবনতি দেখে সেখানে উপস্থিত অন্য একজন মহিলাও সাংবাদিকের আচরণের প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত স্ত্রী রত্না পাঠক শাহ তাঁকে শান্ত করে দ্রুত গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে যান। সোশ্যাল মিডিয়ায় এই বাদানুবাদের ভিডিও ভাইরাল হতেই দুই মেরুতে বিভক্ত নেটিজেনরা।