হাসির রাজার চোখে জল! আত্মসমর্পণ করে তিহার জেলে রাজপাল যাদব, কেন এই পরিণতি?

রুপোলি পর্দায় যাঁর উপস্থিতি মানেই হাসির রোল, বাস্তব জীবনে সেই অভিনেতার কপালেই এখন চিন্তার ভাঁজ। চেক বাউন্স মামলায় আইনি স্বস্তি না পেয়ে অবশেষে দিল্লির তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ তিনি জেল কর্তৃপক্ষের হাতে নিজেকে সঁপে দেন। দিল্লি হাইকোর্ট তাঁর আত্মসমর্পণের সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করে দেওয়ার পরেই এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হন অভিনেতা।
মামলাটি দীর্ঘদিনের। জানা গিয়েছে, ‘এম/এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থার থেকে নেওয়া ঋণের টাকা মেটাতে রাজপাল ও তাঁর স্ত্রী যে চেকগুলি দিয়েছিলেন, সেগুলি বাউন্স করে। এই ঘটনায় ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। পরবর্তীকালে সেশন কোর্ট এবং হাইকোর্টেও সেই রায় বহাল থাকে। গত বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দেয়, বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন অভিনেতা, তাই আদালতের নির্দেশ অমান্য করার জন্য আর কোনও সহানুভূতি দেখানো সম্ভব নয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, “কেউ নামী অভিনেতা বা বিশেষ কোনো জগতের সঙ্গে যুক্ত বলে আদালত আইনের ঊর্ধ্বে কাউকে বিশেষ সুবিধা দিতে পারে না।” উল্লেখ্য, অভিনেতার আইনজীবী আরও এক সপ্তাহ সময় চেয়েছিলেন টাকা জোগাড়ের জন্য, কিন্তু বিচারক তা নাকচ করে দেন। ‘হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া’ বা ‘চুপ চুপ কে’-র মতো ছবিতে দর্শকদের মন জয় করা এই অভিনেতার এমন পরিণতিতে শোকস্তব্ধ তাঁর অনুরাগী মহল। আপাতত আইনি জটিলতার গ্যাঁড়াকলে পড়ে তিহার জেলেই রাত কাটছে ‘ছোটে পণ্ডিত’-এর।