লাঠির ঘায়েই শুরু হবে প্রেম! জেনে নিন ২০২৬-এর ‘লাঠমার হোলি’র দিনক্ষণ, কেন যেতেই হবে মথুরা-বৃন্দাবন?

দেশজুড়ে রঙের উৎসব হোলি মার্চ মাসে উদযাপিত হলেও, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারাণীর লীলাভূমি ব্রজধামে হোলির আমেজ শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। ব্রজে এই উৎসবের মেয়াদ থাকে প্রায় ৪০ দিন। তবে পর্যটক ও পুণ্যার্থীদের কাছে সবথেকে বড় আকর্ষণ হলো বর্ষানার বিশ্ববিখ্যাত ‘লাঠমার হোলি’। আপনি কি ২০২৬-এ ব্রজের হোলি দেখার পরিকল্পনা করছেন? তবে এখনই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন এই দিনগুলো।

কবে কোন উৎসব? ব্রজ ঐতিহ্য অনুসারে, ২০২৬ সালে বর্ষানার লাঠমার হোলি পালিত হবে ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি।

  • ২৫ ফেব্রুয়ারি: বর্ষানায় হবে মনমাতানো ‘লাড্ডু হোলি’।

  • ২৬ ফেব্রুয়ারি: পালিত হবে বর্ষানার সেই ঐতিহাসিক ‘লাঠমার হোলি’। এরপর নন্দগাঁওয়ে লাঠমার হোলি এবং মথুরা-বৃন্দাবনের বিভিন্ন ঘাটে চলবে রঙের খেলা।

কবে পৌঁছাবেন বৃন্দাবনে? লাঠমার হোলির এই অনন্য অভিজ্ঞতা সশরীরে অনুভব করতে চাইলে অন্তত ৪ থেকে ৫ দিন আগে বৃন্দাবনে পৌঁছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, এই সময়ে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। আগে পৌঁছালে বর্ষানা, নন্দগাঁও, বৃন্দাবন এবং মথুরার প্রতিটি আলাদা আয়োজনে কোনো হুড়োহুড়ি ছাড়াই শামিল হতে পারবেন।