বিদ্যুৎ গতিতে একীভূত হচ্ছে PFC ও REC! মোদী সরকারের মেগা প্ল্যানে দেশের পাওয়ার সেক্টরে বড় ধামাকা

কেন্দ্রীয় বাজেটে দেওয়া অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। দেশের বিদ্যুৎ খাতের দুই জায়ান্ট এনবিএফসি (NBFC) — পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন (PFC) এবং রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন (REC) এবার একীভূত হতে চলেছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি PFC-এর বোর্ড এই ঐতিহাসিক সংযুক্তিকরণে নীতিগত অনুমোদন দিয়েছে। ইতিধ্যেই REC-তে থাকা সরকারের ৫২.৬৩ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে PFC।
কেন এই মহাজোট? ২০২৬-এর বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে এনবিএফসি-গুলোর কার্যক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধন প্রয়োজন। এই দুই সংস্থাকে এক ছাতার তলায় এনে স্কেল এবং এফিশিয়েন্সি বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। সংযুক্তিকরণের পরেও PFC একটি ‘সরকারি কোম্পানি’ হিসেবেই তার মর্যাদা বজায় রাখবে।
REC-এর বিস্তৃত সাম্রাজ্য: REC বর্তমানে কেবল গ্রামীণ বিদ্যুতায়নেই সীমাবদ্ধ নেই। জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ এবং বৈদ্যুতিক যানবাহনের মতো আধুনিক প্রযুক্তিতেও তারা বিনিয়োগ করছে। এমনকি সড়ক, মেট্রো রেল এবং বিমানবন্দরের মতো নন-পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরেও পা রেখেছে এই সংস্থা।
বিনিয়োগকারীদের ওপর প্রভাব: বাজার বিশেষজ্ঞদের মতে, এই সংযুক্তিকরণের ফলে বিদ্যুৎ পরিকাঠামো খাতে বিনিয়োগের গতি বাড়বে। একক সংস্থা হিসেবে আরও বড় প্রকল্পগুলোতে অর্থায়ন করা সহজ হবে। বিস্তারিত মার্জার প্ল্যান চূড়ান্ত হওয়ার পর তা শেয়ার হোল্ডারদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে বলে জানানো হয়েছে।