দিল্লিতে ‘মৃত্যুফাঁদ’! বাইক আরোহীর করুণ মৃত্যুতে নড়েচড়ে বসল প্রশাসন, কোপ পড়ল ৩ অফিসারের ঘাড়ে

রাজধানীর বুকে ফের একবার প্রাণ কাড়ল প্রশাসনিক গাফিলতি। পশ্চিম দিল্লির জনকপুরী এলাকায় দিল্লি জল বোর্ডের একটি গভীর গর্তে পড়ে প্রাণ হারালেন এক বাইক আরোহী। এই মর্মান্তিক ঘটনার পরেই ব্যাপক জনরোষ তৈরি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। কর্তব্যরত তিন ইঞ্জিনিয়ারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাকশন মুডে সরকার: ঘটনার প্রাথমিক তদন্তের পর দিল্লি সরকারের মন্ত্রী প্রবেশ সাহেব সিং জানান যে, একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (EXN), অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (AE) এবং জুনিয়র ইঞ্জিনিয়ারকে (JE) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ওই নির্মাণস্থলে যথাযথ ব্যারিকেডিং বা নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না, যার ফলে অন্ধকার রাতে গর্তটি দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন ওই যুবক।
তদন্ত কমিটি গঠন: দিল্লির নগরোন্নয়ন মন্ত্রী আশিস সুদ ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দোষী কাউকেই রেহাই দেওয়া হবে না।” জল বোর্ডকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটি খতিয়ে দেখবে কেন সেখানে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না।
সতর্কবার্তা দিল্লি জল বোর্ডের: দিল্লি জল বোর্ড সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে। বোর্ড জানিয়েছে, নিরাপত্তার মান বজায় রাখতে নিয়মিত পরিদর্শন চালানো হবে। পাশাপাশি নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে, কোথাও কোনো অসুরক্ষিত নির্মাণস্থল দেখলে যেন তড়িঘড়ি টোল-ফ্রি নম্বর ১৯১৬-এ যোগাযোগ করা হয়।