মোহনবাগানে দ্বিতীয় হওয়া মানেই ব্যর্থতা!” দায়িত্ব নিয়েই হুঙ্কার সার্জিও লোবেরার, লক্ষ্য শুধুই ট্রফি

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) এক বছরের নিষেধাজ্ঞা মাথায় থাকলেও, আইএসএল শিরোপা ধরে রাখতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। সুপার কাপের ভরাডুবির পর হোসে মোলিনাকে বিদায় জানিয়ে বাগান ম্যানেজমেন্ট দায়িত্ব তুলে দিয়েছে পরীক্ষিত কোচ সার্জিও লোবেরার হাতে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোবেরা স্পষ্ট জানিয়ে দিলেন, মোহনবাগানের মতো ক্লাবে দ্বিতীয় স্থানাধিকারীর কোনো জায়গা নেই।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইরান সফর না করায় মহাদেশীয় প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছে সবুজ-মেরুন শিবির। সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। তবে এই নেতিবাচক আবহকে গায়ে মাখতে নারাজ লোবেরা। তাঁর সাফ কথা, “রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাব দ্বিতীয় হলে যেমন কেউ খুশি হয় না, মোহনবাগানেও লক্ষ্যটা একই। এখানে রানার্স হওয়া মানেই ব্যর্থতা।”

লোবেরা মনে করেন, এবারের আইএসএল অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ সময় খুব সংক্ষিপ্ত। এখানে ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ মিলবে না। মোলিনা যেখানে বিদেশি মিডফিল্ডার না পাওয়া নিয়ে আক্ষেপ করেছিলেন, লোবেরা সেখানে বর্তমান স্কোয়াডের ওপরই পূর্ণ আস্থা রাখছেন। তাঁর মতে, আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ না থাকলেও দলের প্রধান অনুপ্রেরণা এখন আইএসএল ট্রফি জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। সবুজ-মেরুন সমর্থকদের জন্য লোবেরার এই আত্মবিশ্বাসী বার্তা এখন নতুন আশার আলো দেখাচ্ছে।