হাতের চাবি আনতে গিয়েই চরম সিদ্ধান্ত! বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা প্রখ্যাত বেকারি মালিকের

মহারাষ্ট্রের সোলাপুর শহরে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। শহরের প্রখ্যাত ‘মুলতানি বেকারি’-র মালিক, ৬০ বছর বয়সী সুনীল সদরাঙ্গানি একটি নির্মীয়মাণ বহুতলের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে রেলিংয়ে দাঁড়িয়ে হাত জোড় করে প্রার্থনা করছেন ওই বৃদ্ধ ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে বিজয়পুর রোডের ‘পানাশ অ্যাপার্টমেন্ট’-এ। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সুনীলবাবু ওই বহুতলে পৌঁছান এবং সরাসরি সিঁড়ি দিয়ে ১৭ তলায় উঠে যান। তাঁকে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা নিরাপত্তারক্ষীকে খবর দেন। রক্ষী দ্রুত উপরে গিয়ে তাঁকে বুঝিয়ে নিচে নামিয়ে আনেন। কিন্তু নিচে আসার পর চাবি উপরে ফেলে এসেছেন— এই অজুহাতে তিনি পুনরায় রক্ষীর চোখে ধুলো দিয়ে ১৭ তলায় উঠে যান এবং মুহূর্তের মধ্যে মরণঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কেন এই সফল ব্যবসায়ী আত্মহত্যার পথ বেছে নিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।