সরকারি অনুষ্ঠানে না এলে মিলবে না টাকা! ‘লাডলি বোন’দের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বিজেপি মন্ত্রী

মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকারের চালু করা জনপ্রিয় ‘লাডলি বেহনা’ প্রকল্প নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের রাজস্বমন্ত্রী করণ সিং ভার্মা। সেহোর জেলার ধামান্ডা গ্রামে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, যে সমস্ত মহিলারা সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকছেন না, তাঁদের নাম এই প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।

মন্ত্রী ভার্মা অসন্তোষ প্রকাশ করে বলেন, ওই গ্রামের প্রায় ৯০০ জন মহিলা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন, অথচ সরকারি সভায় তাঁদের উপস্থিতি অত্যন্ত নগণ্য। তিনি মঞ্চ থেকেই হুমকি দেন যে, এরপর একটি বিশেষ দিন ধার্য করে সব ‘লাডলি বোন’দের ডাকা হবে। যদি সেদিনও তাঁরা না আসেন, তবে সিইও-র সঙ্গে কথা বলে তাঁদের নাম প্রকল্প থেকে ছেঁটে ফেলার রিপোর্ট পাঠানো হবে।

মন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। তাদের দাবি, এটি একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, কোনো রাজনৈতিক সভা নয় যে সেখানে হাজিরা বাধ্যতামূলক করতে হবে। অন্যদিকে মন্ত্রী মনে করেন, মানুষ সরকারি প্রকল্পের গুরুত্ব বুঝতে পারছেন না বলেই এমন কড়া পদক্ষেপের প্রয়োজন।