‘হার সহ্য করতে না পেরে সস্তার জনপ্রিয়তা খুঁজবেন না!’ সুপ্রিম কোর্টে চরম অপমানিত প্রশান্ত কিশোর

নির্বাচনী কৌশলী থেকে রাজনীতিক হওয়া প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’-কে আজ তীব্র ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত। ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল বাতিল করার দাবিতে দায়ের করা পিকে-র আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নির্বাচনে হেরে যাওয়ার পর জনপ্রিয়তার জন্য বিচারবিভাগকে ব্যবহার করা উচিত নয়।

জন সুরাজ পার্টির অভিযোগে বলা হয়েছিল, নীতীশ কুমারের তৎকালীন সরকার নির্বাচনের ঠিক আগে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। প্রশান্ত কিশোরের দাবি ছিল, এটি নির্বাচনী বিধিভঙ্গ এবং দুর্নীতির সামিল। এমনকি এই প্রকল্পের জন্য সংবিধানের ২৬৭ ধারা লঙ্ঘন করে আকস্মিক তহবিল (Contingency Fund) ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সুপ্রিম কোর্ট এই যুক্তি গ্রহণ করতে অস্বীকার করে জানায়, জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের উচিত নয় আদালতের কাঁধে বন্দুক রেখে প্রচার চালানো। আদালতের এই কড়া অবস্থানের ফলে বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় ধাক্কা খেল পিকে-র দল।