ব্রাহ্মণ সমাজকে অপমান? ‘ঘুষখোর পান্ডাত’ নিয়ে চরম বিপাকে মনোজ বাজপেয়ী ও নেটফ্লিক্স!

নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘ঘুষখোর পান্ডাত’ (Ghooskhor Pandat) নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গত মঙ্গলবার ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই নাম নিয়ে আপত্তি তুলে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। অভিযোগ, ছবির এই নাম ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে লখনউয়ের হজরতগঞ্জ থানায় নেটফ্লিক্স এবং ছবির নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।
+1
বির্তকের কেন্দ্রে রয়েছে ছবির নাম। ‘ঘুষখোর’ শব্দের সঙ্গে ‘পান্ডাত’ (পণ্ডিত শব্দের চলিত রূপ) যোগ করা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অনেক সামাজিক সংগঠন। তাঁদের মতে, এটি একটি নির্দিষ্ট জাতিকে অপরাধী বা দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরার অপচেষ্টা। এই গণ-আক্রোশের মুখে পড়ে ছবির পরিচালক নীরজ পাণ্ডে একটি বিবৃতি জারি করে আপাতত সমস্ত প্রোমোশনাল ভিডিও এবং টিজার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
+2
অবশেষে নীরবতা ভেঙেছেন ছবির প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ীও। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমি সাধারণ মানুষের আবেগ ও উদ্বেগকে সম্মান করি। একজন অভিনেতা হিসেবে আমি কেবল চরিত্রের জার্নিটা ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। কোনো নির্দিষ্ট সমাজ বা সম্প্রদায়কে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না।” তিনি আরও জানান যে, পরিচালক নীরজ পাণ্ডের সততার ওপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং জনরোষের কথা মাথায় রেখেই টিজার সরিয়ে নেওয়া হয়েছে।
নীরজ পাণ্ডের প্রযোজনায় ও রিতেশ শাহের পরিচালনায় এই থ্রিলার ছবিতে মনোজ বাজপেয়ী ছাড়াও রয়েছেন নুসরত ভারুচা, সাকিব সালিম এবং দিব্যা দত্তর মতো তারকারা। ছবিতে মনোজকে ‘অজয় দীক্ষিত’ ওরফে ‘পান্ডাত’ নামক এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল। আপাতত আইনি জটিলতা এবং মানুষের ক্ষোভের মুখে ছবিটির ভবিষ্যৎ কোন দিকে যায়, সেটাই দেখার।