বিপাকে থালাপথি বিজয়! দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল রাখল চেন্নাই হাইকোর্ট

জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের (Vijay) আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা। প্রায় ১৫ কোটি টাকার আয় গোপন করার অভিযোগে আয়কর দপ্তরের জারি করা ১.৫ কোটি টাকার জরিমানা বহাল রাখল চেন্নাই হাইকোর্ট। বুধবার আদালতের পক্ষ থেকে বিজয়ের আবেদন খারিজ করে জানানো হয়েছে, আয়কর দপ্তরের এই শাস্তিমূলক পদক্ষেপ সম্পূর্ণ বৈধ।
মামলাটির সূত্রপাত ২০১৫ সালে। সেই সময় বিজয়ের বাড়ি ও অফিসে আয়কর তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়। জানা যায়, ২০১৫-১৬ অর্থবর্ষে অভিনেতা ৩৫.৪২ কোটি টাকা আয় দেখিয়েছিলেন। কিন্তু বাজেয়াপ্ত নথি পরীক্ষা করে আয়কর আধিকারিকরা দেখেন, ব্লকবাস্টার ছবি ‘পুলি’ (Puli)-র পারিশ্রমিক বাবদ পাওয়া ১৫ কোটি টাকার কোনো উল্লেখ সেখানে নেই। এরপরই ২০২২ সালে আয় গোপন করার দায়ে মোট গোপন করা অর্থের ১০ শতাংশ অর্থাৎ ১.৫ কোটি টাকা জরিমানা ধার্য করে আয়কর দপ্তর।
বিজয় এই জরিমানার যৌক্তিকতাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আইনজীবীদের যুক্তি ছিল, এই জরিমানার নোটিশ ২০১৯ সালের ৩০ জুনের মধ্যে দেওয়া উচিত ছিল, ২০২২ সালে নয়। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই জরিমানা আইনসম্মত নয় বলে দাবি করেন তিনি। তবে আয়কর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সমস্ত প্রক্রিয়া নির্দিষ্ট আইনি পরিসরের মধ্যেই সম্পন্ন হয়েছে।
বিচারপতি সেন্থিলকুমার এবং রামমূর্তির ডিভিশন বেঞ্চ দুই পক্ষের সওয়াল শোনার পর বিজয়ের আর্জি খারিজ করে দেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আয়কর দপ্তরের জারি করা নোটিশটি আইনত সঠিক এবং নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া হয়েছে। ফলে থালাপথি বিজয়কে এখন ওই ১.৫ কোটি টাকা জরিমানা হিসেবে গুণতেই হচ্ছে। রাজনীতির ময়দানে পা রাখার মুখে এই আইনি বিপর্যয় বিজয়ের জন্য যথেষ্ট অস্বস্তিকর বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।