“আমাদের ভাসিয়ে দেয় ওরা!” বিধানসভায় ডিভিসি-র বিরুদ্ধে মারাত্মক বিস্ফোরক মমতা!

বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতায় আজ আগ্নেয় মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গা ভাঙন থেকে শুরু করে ডিভিসি-র ভূমিকা এবং অনুপ্রবেশ ইস্যু—একের পর এক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন তিনি। বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী সাফ জানান, “এর জন্য আন্তর্জাতিক সাহায্য নেওয়া হচ্ছে, আমাদের স্থায়ী সমাধান চাই।”
ডিভিসি-র (DVC) কড়া সমালোচনা করে মমতা বলেন, “গত ২০ বছর ধরে ওরা ড্রেজিং করেনি। পলি জমে নাব্যতা কমেছে। যখন জল চাই তখন দেয় না, আর বর্ষার সময় আমাদের আরও ভাসিয়ে দেয়।” কেন্দ্রীয় বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের টাকা বন্ধ হওয়া নিয়েও এদিন ক্ষোভ উগড়ে দেন তিনি।
পাশাপাশি, বিজেপির প্রিয় ‘অনুপ্রবেশ’ ইস্যু নিয়ে পাল্টা তোপ দেগে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “আপনারা বলছেন ৭০ শতাংশ অনুপ্রবেশ বেড়েছে? আপনারা কি ম্যাজিশিয়ান? এই তথ্য কোথা থেকে পেলেন?” বাংলা ভাষায় কথা বললে ভিনরাজ্যে অত্যাচারের শিকার হতে হচ্ছে বলেও সরব হন তিনি। বর্ডার সামলানোর ব্যর্থতা যে কেন্দ্রেরই, তা মনে করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।