রাহুলের নেতৃত্বে কংগ্রেস শেষ! রাজ্যসভায় দাঁড়িয়ে সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী মোদি

রাজ্যসভায় রণংদেহি মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে এদিন বিরোধী শিবিরের কড়া সমালোচনা করেন তিনি। বিশেষ করে কংগ্রেস ও রাহুল গান্ধিকে লক্ষ্য করে প্রধানমন্ত্রীর ধারালো আক্রমণ রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মোদি সরাসরি দাবি করেন, রাহুলের নেতৃত্বেই কংগ্রেসের পতন নিশ্চিত হতে চলেছে।

এবারের অধিবেশনের শুরু থেকেই রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার লোকসভায় ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু কংগ্রেসের মহিলা সাংসদদের বিক্ষোভের জেরে পরিস্থিতি এমন জটিল হয় যে, মাত্র ৬৩ সেকেন্ডের মধ্যে অধিবেশন মুলতুবি হয়ে যায়। বুধবার সেই উত্তেজনার রেশ রাজ্যসভাতেও স্পষ্ট। একদিকে রাহুল গান্ধি প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের অপ্রকাশিত বই নিয়ে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী পাল্টা আক্রমণ শানিয়ে কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

ইতিমধ্যেই হাত শিবিরের আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। রাহুল গান্ধি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রধানমন্ত্রী সংসদে এলে তিনি ওই বিতর্কিত বইটি তাঁকে উপহার দেবেন। তবে প্রধানমন্ত্রী লোকসভা এড়িয়ে রাজ্যসভা থেকে কী চূড়ান্ত বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।