World Cup 2026: বিশ্বকাপের ৪৮ ঘণ্টা আগে ঘোর অনিশ্চয়তা! বড় ধাক্কা খাচ্ছে টিম ইন্ডিয়া?

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। আগামী শনিবার থেকেই শুরু হতে চলেছে বিশ্বক্রিকেটের এই মেগা আসর। ২০২৪-এর চ্যাম্পিয়ন ভারত এবার খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সাজঘরে দুশ্চিন্তার কালো মেঘ। দলের অন্যতম প্রধান অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে এখনও কাটল না ধোঁয়াশা। টুর্নামেন্ট শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগেও টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা নিশ্চিত নন যে সুন্দর আদৌ মাঠে নামতে পারবেন কি না।

বর্তমানে বেঙ্গালুরুর ‘বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্স’-এ রিহ্যাব চলছে ওয়াশিংটনের। গত মাসে ভডোডরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। সেই চোটের জেরেই কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত প্রধান নির্বাচক অজিত আগরকর এবং তাঁর সতীর্থরা বিসিসিআই-এর মেডিকেল টিমের কাছ থেকে কোনো চূড়ান্ত সবুজ সংকেত পাননি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচেও ওয়াশিংটনকে দলে পাওয়া যায়নি। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সুন্দর যদি ফিট হয়ে ওঠেন, তবেই তাঁকে স্কোয়াডে রাখা হবে। অন্যথায় তড়িঘড়ি বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে নির্বাচকদের। তবে কতক্ষণ এই প্রতীক্ষা চলবে, তা নিয়ে বিসিসিআই-এর অন্দরেই বাড়ছে উদ্বেগ।

কেবল ওয়াশিংটন নন, চিন্তা বাড়িয়েছেন তরুণ পেসার হর্ষিত রানাও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়েন তিনি। তাঁর চোটের গভীরতা কতখানি, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশ্বকাপের ঠিক আগে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের খবর নিঃসন্দেহে অধিনায়ক এবং কোচের কপালে ভাঁজ ফেলেছে। এখন দেখার, শেষ মুহূর্তে ভাগ্যের চাকা কোন দিকে ঘোরে।