বেলডাঙা মামলায় সংঘাত তুঙ্গে! NIA-এর বিস্ফোরক অভিযোগ, কাঠগড়ায় খোদ জেলা পুলিশ সুপার?

বেলডাঙার দাঙ্গা ও অশান্তি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর সাথে রাজ্য পুলিশের সংঘাত এবার প্রকাশ্য আদালতে চলে এল। বৃহস্পতিবার বিশেষ NIA আদালতে ধৃত ৩৬ জন অভিযুক্তকে পেশ করার কথা ছিল, কিন্তু পর্যাপ্ত ‘পুলিশ এসকর্ট’ না মেলায় বহরমপুর জেল থেকে তাঁদের কলকাতায় পাঠানো সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি মুর্শিদাবাদের পুলিশ সুপারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী।
আদালত সূত্রে খবর, বেলডাঙার ঘটনায় ধৃত ৩৬ জন ‘হাই রিস্ক’ অভিযুক্তকে কলকাতা এনআইএ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের না আনায় বিচারক ক্ষোভ প্রকাশ করেন। এনআইএ-র আইনজীবী জানান, জেলা পুলিশ এসকর্ট দিতে রাজি হয়নি, তাই জেল কর্তৃপক্ষ অভিযুক্তদের ছাড়েনি। শুনে বিচারক বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেন, “রাজ্য কি কখনও বলতে পারে এসকর্ট দিতে পারব না?” যদিও জেলা পুলিশের এক শীর্ষ কর্তা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে আদালতের নির্দেশ মেনেই কাজ করা হবে।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় যে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, তার পেছনে ডিজিটাল উসকানি এবং বড় কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে এনআইএ। তদন্তকারীদের দাবি, স্থানীয় আবেগ নয়, বরং পরিকল্পিতভাবে এই অশান্তি ছড়ানো হয়েছিল। সেই ষড়যন্ত্রের শেকড় কতদূর বিস্তৃত তা জানতেই অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সংস্থা। কিন্তু নথি হস্তান্তর থেকে শুরু করে আসামী পেশ—প্রতিটি পদক্ষেপে রাজ্য পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ কেন্দ্রের।