সুপ্রিম কোর্টে বিপাকে নীতীশ কুমার! প্রশান্ত কিশোরের এক চালেই কি পাল্টে যাবে বিহারের ফলাফল?

বিহারের নির্বাচন ঘিরে এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের লড়াই শুরু হলো। নির্বাচন চলাকালীন আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে মহিলা ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানোর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তাঁর করা রিট পিটিশনটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আগামীকালই এই হাই-প্রোফাইল মামলার শুনানি হতে চলেছে।

প্রশান্ত কিশোর সংবিধানের ৩২ নম্বর ধারার অধীনে এই মামলা দায়ের করেছেন। তাঁর মূল অভিযোগ হলো, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় নতুন উপভোক্তাদের নাম নথিবদ্ধ করা এবং নির্বাচনী বিধি চলাকালীন টাকা বিলি করা সম্পূর্ণ অনৈতিক। পিকের দাবি, নীতীশ সরকারের এই পদক্ষেপ সংবিধানের ১৪, ২১, ১১২, ২০২ এবং ৩২৪ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

উল্লেখ্য, এবারের বিহার নির্বাচনে রেকর্ড ৭১ শতাংশ মহিলা ভোট পড়েছে, যা পুরুষদের তুলনায় ৯ শতাংশ বেশি। রাজনৈতিক মহলের মতে, এই মহিলা ভোটব্যাঙ্কই নীতীশ কুমারকে বিশাল জয় এনে দিয়েছে। অন্যদিকে, প্রশান্ত কিশোরের দল নির্বাচনে খাতা খুলতে ব্যর্থ হয়েছে। এবার সেই পরাজয়ের আবহে সরাসরি নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি লড়াইয়ে নামলেন প্রাক্তন এই ভোটকুশলী। এখন দেখার, সুপ্রিম কোর্টের রায়ে নীতীশ সরকারের অস্বস্তি কতটা বাড়ে।