“উত্তর ভারতীয়রা শুধু পানি পুরি বিক্রি করতে আসে!” তামিলনাড়ু মন্ত্রীর বেলাগাম মন্তব্যে তোলপাড় দেশ

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতেই উত্তর বনাম দক্ষিণ ভারতের বিতর্ক নতুন করে উস্কে দিলেন ডিএমকে (DMK) সরকারের কৃষিমন্ত্রী এমআরকে পনিরসেলভাম (MRK Panneerselvam)। উত্তর ভারত থেকে তামিলনাড়ুতে আসা অভিবাসী শ্রমিকদের নিয়ে তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
ঠিক কী বলেছেন মন্ত্রী? একটি জনসভায় তামিলনাড়ুর দ্বি-ভাষা নীতির (তামিল ও ইংরেজি) হয়ে সওয়াল করতে গিয়ে মন্ত্রী বলেন, “উত্তর ভারতের মানুষ যারা শুধু হিন্দি শিখেছে, তামিলনাড়ুতে তাদের চাকরির সুযোগ খুবই সীমিত। তারা এখানে শুধু টেবিল পরিষ্কার করতে, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে এবং পানি পুরি বিক্রি করতে আসে।” এর বিপরীতে তিনি দাবি করেন যে, তামিলনাড়ুর তরুণরা ইংরেজি শেখার কারণে আমেরিকা বা লন্ডনের মতো দেশে গিয়ে কোটি কোটি টাকা আয় করছে।
বিজেপির কড়া প্রতিক্রিয়া: বিজেপি এই মন্তব্যকে ‘অহংকারী’ এবং ‘বিভেদকামী’ বলে অভিহিত করেছে। তামিলনাড়ু বিজেপি সভাপতি নাইনার নাগেন্দ্রন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ডিএমকে নেতারা বারবার উত্তর ভারতীয়দের অপমান করে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন। কোনো কাজই ছোট নয়, অথচ মন্ত্রী তাদের উপহাস করছেন।” বিজেপি নেতারা প্রশ্ন তুলেছেন যে, রাহুল গান্ধী বা অখিলেশ যাদবের মতো ইন্ডিয়া জোটের নেতারা এই অপমানের বিষয়ে কেন নীরব?
ড্যামেজ কন্ট্রোল ডিএমকে-র: বিতর্ক বাড়তে দেখে আসরে নেমেছে ডিএমকে নেতৃত্ব। দলের সাংসদ টিআর বালু দাবি করেছেন যে, মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, ডিএমকে সবসময় ‘হিন্দি আগ্রাসনের’ বিরোধী, কিন্তু কোনো বিশেষ অঞ্চলের মানুষের প্রতি ঘৃণা পোষণ করে না। তবে নির্বাচনের আগে এই মন্তব্য ইন্ডিয়া জোটের জন্য বড়সড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।