ধামতারিতে তুলকালাম! নিজ গ্রামেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসলেন কংগ্রেস বিধায়ক ওমকার সাহু

ছত্তিশগড়ের ধামতারি জেলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বুধবার নিজের গ্রাম আমদীতেই রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস বিধায়ক ওমকার সাহু। আমদী নগর পঞ্চায়েতে অনিয়ম, দুর্নীতি এবং উন্নয়ন থমকে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তিনি। এই বিক্ষোভে তাঁর সঙ্গে শামিল ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি তারিণী চন্দ্রকরসহ শতাধিক কর্মী-সমর্থক।
বিধায়ক ওমকার সাহুর অভিযোগ, আমদী নগর পঞ্চায়েত গঠনের ১৯ বছর অতিক্রান্ত হলেও কংগ্রেসের ৫ বছরের শাসনকাল ছাড়া বাকি সময়টা কেবল দুর্নীতিই হয়েছে। তিনি বলেন, “বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি, তাই আমরা ৬ দফা দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছি।” বিশেষ করে বাজেটে অনুমোদিত ‘গৌরব পথ’ নির্মাণে প্রশাসনিক বাধা এবং জনবসতি এলাকায় রাইস মিলের দূষণ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এছাড়াও অমৃত মিশন ২.০-এর কাজ দ্রুত শেষ করা এবং অবৈধ জবরদখল উচ্ছেদের দাবি জানানো হয়।
বিক্ষোভের জেরে প্রধান সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামতারি পুলিশ। প্রায় ১০ মিনিটের টানাপোড়েনের পর পুলিশ জোরপূর্বক বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। তবে বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন, এই দাবিগুলো দ্রুত পূরণ না হলে আগামী দিনে জেলাজুড়ে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস।