মহার্ঘভাতা নিয়ে আজই চূড়ান্ত ফয়সালা! সুপ্রিম কোর্টের রায়ে কি মুখে হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মীদের?

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ। বকেয়া মহার্ঘভাতা (DA) সংক্রান্ত মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে এই মামলার রায় পাঠ করা হবে। দেশের সর্বোচ্চ আদালতের ১১ নম্বর এজলাসের দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

মামলার প্রেক্ষাপট ও আইনি লড়াই: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত এই মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। গত বছরের ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানিপর্ব শেষ হয়। আদালত উভয় পক্ষকেই (রাজ্য সরকার ও কর্মচারী সংগঠন) তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। উল্লেখ্য, গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে, চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ না মেনে উল্টে আরও ছয় মাস সময় চেয়ে আবেদন জানায়।

অধিকার না কি করুণা? শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দিয়েছিলেন যে, ডিএ দেওয়া রাজ্য সরকারি কর্মীদের আইনি অধিকারের মধ্যে পড়ে না। তবে আদালতের পর্যবেক্ষণ ছিল স্পষ্ট—ডিএ অধিকার হোক বা না হোক, কর্মচারীদের প্রাপ্য অর্থ দিনের পর দিন আটকে রাখা যায় না। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে ডিএ পান, যেখানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র পার্থক্য প্রায় ৪০ শতাংশ।

আজকের রায়ে কি বকেয়া মেটানোর কড়া নির্দেশ আসবে, না কি রাজ্য সরকার আরও কিছুটা সময় পাবে? নবান্ন থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সরকারি অফিস— সর্বত্রই এখন টানটান উত্তেজনা।