ফাইনালে যাওয়ার পথে আফগান বাধা! ভারতের সামনে পাহাড় প্রমাণ টার্গেট, যুবা বিশ্বকাপে বড় বিপদে টিম ইন্ডিয়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের স্বপ্নভঙ্গের আশঙ্কা। বুধবার হারারেতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় বোলারদের সাধারণ স্তরে নামিয়ে পাহাড় প্রমাণ ৩১০ রান তুলল আফগানিস্তান। সৌজন্যে ফয়জল শিনোজাদা ও উজেইরুল্লাহ নিয়াজাইয়ের জোড়া ধ্রুপদী শতরান। ফাইনালে উঠতে গেলে এখন আয়ুষ মাত্রেদের করতে হবে ৩১১ রান, যা এই চাপের ম্যাচে মোটেও সহজ নয়।
আফগান ব্যাটারদের রুদ্রমূর্তি: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মেহবুব খান। শুরুটা মন্থর হলেও ওপেনিং জুটিতে ৫৩ রান তুলে ভিত গড়ে দেন ওসমান সাদাত ও খালিদ আহমেদজাই। তবে আসল ঝড় শুরু হয় তিন নম্বরে নামা ফয়জল শিনোজাদাকে নিয়ে। দীপেশ দেবেন্দ্রন ও হেনিল প্যাটেলদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে মাত্র ৮৬ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ফয়জল। শেষ পর্যন্ত ৯৩ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি যখন আউট হন, ততক্ষণে আফগানিস্তান বিশাল স্কোরের পথে।
ভারতের কপালে চিন্তার ভাঁজ: ফয়জল আউট হলেও রেহাই পায়নি ভারতীয় বোলাররা। এবার ব্যাটন হাতে তুলে নেন উজেইরুল্লাহ নিয়াজাই। সতীর্থের চেয়ে এক বল কম খেলে অর্থাৎ মাত্র ৮৫ বলে নিজের শতরান পূর্ণ করে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতীয় ফিল্ডারদের জঘন্য ফিল্ডিং এবং ক্যাচ মিসের সুযোগ নিয়ে তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার ১৪৮ রান যোগ করেন। মিস ফিল্ডিং ও সহজ রানআউটের সুযোগ নষ্ট করায় ভারত বেশ কিছু অতিরিক্ত রান উপহার দেয় আফগানদের।
নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩১০ রান তুলেছে আফগানিস্তান। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে এখন টগবগ করে ফুটছে কাবুলিওয়ালার দেশ। অন্যদিকে, ভারতের সামনে এখন লক্ষ্য ৩১১। এই বিশাল রান তাড়া করে ফাইনালে পৌঁছানো টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিদের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।