নরবণের বই হাতে সংসদে রাহুলের হুঙ্কার! ‘প্রধানমন্ত্রীর সাহস নেই আমার মুখোমুখি হওয়ার’, বিস্ফোরক দাবি নেতার

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ সংসদ চত্বরে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণের বই ‘ফোর স্টারস অফ ডেসটিনি’ (Four Stars of Destiny) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন। রাহুলের দাবি, কৈলাশ রিজে যখন চীনা ট্যাঙ্ক ঢুকে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী ও সরকার ভারতীয় সেনাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল।
রাহুল গান্ধী বলেন, “জেনারেল নরবণের বই অনুযায়ী, চীনা আগ্রাসনের সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। এনএসএ এবং বিদেশমন্ত্রীর কাছ থেকেও সাড়া মেলেনি। শেষমেশ ‘টপ’ অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আসে যে চীনা সেনা ঢুকলে বিনা অনুমতিতে গুলি চালানো যাবে না, অথচ আমাদের সেনা পালটা জবাব দিতে প্রস্তুত ছিল।” রাহুল চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, প্রধানমন্ত্রীর লোকসভায় আসার সাহস নেই; তিনি এলে এই বই রাহুল নিজেই তাঁর হাতে তুলে দিতেন যাতে দেশবাসী সত্য জানতে পারে।