. ইতিহাস গড়ছেন মমতা! দেশের প্রথম ‘সিটিং’ মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন তৃণমূল নেত্রী!

ভারতীয় বিচারবিভাগের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় তৈরি হতে চলেছে। বুধবার ভারতের প্রথম ‘সিটিং’ বা ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR (এসআইআর) সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ মামলায় নিজেই নিজের হয়ে সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর নামে সুপ্রিম কোর্টের গেট পাস ইস্যু করা হয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে— নীল-সাদা শাড়ির ওপর আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘জনগণের আইনজীবী বনাম শয়তানের আইনজীবী’। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আদালতকে জানানো হয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং দলের চেয়ারপারসন হিসেবে তথ্যগুলো তিনিই সবচেয়ে নির্ভুলভাবে আদালতের সামনে তুলে ধরতে পারবেন। তিনি আরও জানিয়েছেন যে, আদালতের নিয়মকানুন এবং শিষ্টাচার (Decorum) সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন।

এই মামলার মূল বিষয়বস্তু হলো ২০২৬-এর নির্বাচন এবং ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশনের ‘বেআইনি’ নির্দেশিকা প্রত্যাহার করে পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন করা হোক। বিশেষ করে ভোটারদের উপাধি সংক্রান্ত সমস্যায় যাঁদের হয়রানি করা হচ্ছে, তাঁদের সশরীরে না ডেকে স্বতঃপ্রণোদিতভাবে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন তিনি। আইনি লড়াইয়ের ময়দানে মমতার এই ‘এন্ট্রি’ জাতীয় রাজনীতিতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে।