“রণবীরের আত্মা পবিত্র!” রাম লুকে রণবীর কাপুরকে দেখে কী বললেন পর্দার আসল ‘রাম’ অরুণ গোভিল?

নীতেশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ’-এর টিজার মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের লুক নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল, তখনই আসরে নামলেন ১৯৮৭ সালের কালজয়ী ‘রামায়ণ’ ধারাবাহিকের রাম তথা প্রবীণ অভিনেতা অরুণ গোভিল। উল্লেখ্য, এই ছবিতে তাঁকে রাজা দশরথের চরিত্রে দেখা যাবে।

পিটিআই-এর সাথে আলাপকালে অরুণ গোভিল রণবীর কাপুরের ভূয়সী প্রশংসা করে বলেন, “রণবীর কেবল একজন মেধাবী অভিনেতাই নন, তিনি একজন অসাধারণ মানুষও। ঈশ্বরের চরিত্রে অভিনয়ের জন্য মনের পবিত্রতা খুব প্রয়োজন।” রণবীরের লুক প্রসঙ্গে তিনি জানান, পর্দার রামকে দেখে যেন মানুষের মনে হয় ‘ঈশ্বর এমনই হতে পারেন’। প্রভাসের ‘আদিপুরুষ’ ছবির সঙ্গে তুলনা টেনে তিনি সাফ জানান, নীতেশের এই ছবি বিশুদ্ধ পৌরাণিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি, যা আদিপুরুষের থেকে সম্পূর্ণ আলাদা। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং সানি দেওলের মতো তারকাখচিত এই ছবিটি নিয়ে এখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।