“সমালোচকদের মুখে ছাই, জয়ী হলো ধৈর্য!” ট্রাম্পের সাথে ঐতিহাসিক ডিল নিয়ে সাংসদদের কী বার্তা দিলেন মোদী?

ভারত ও আমেরিকার মধ্যে হওয়া ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ভারতের সংসদীয় রাজনীতিতেও নতুন প্রাণের সঞ্চার করেছে। মঙ্গলবার এনডিএ (NDA) সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তির সাফল্যের নেপথ্যে সরকারের “ধৈর্য” এবং “অটল নীতি”কে কৃতিত্ব দিয়েছেন। বিরোধীদের পূর্ববর্তী সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি স্পষ্ট করে দেন যে, শুল্ক নিয়ে একসময় যারা আক্রমণ করেছিল, আজ তাদের চুপ করিয়ে ভারত এক বড় জয় হাসিল করেছে।

প্রধানমন্ত্রী মোদী এদিন সাংসদদের উদ্দেশে বলেন, “একসময় বহু মানুষ শুল্ক ইস্যুতে আমাদের নীতির সমালোচনা করেছিলেন। কিন্তু আমরা মাথা ঠান্ডা রেখেছি, ধৈর্য ধরেছি এবং আজ তার সুফল গোটা দেশ দেখতে পাচ্ছে।” তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে এই চুক্তি কেবল অর্থনৈতিক লেনদেন নয়, বরং বিশ্ব অর্থনীতিতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের এক বড় প্রমাণ। মোদী দৃঢ়তার সাথে বলেন, “বিশ্বের মেরুকরণ পরিবর্তিত হচ্ছে এবং গ্লোবাল অর্ডারের অভিমুখ এখন ক্রমশ ভারতের দিকে ঝুঁকছে।”

বক্তব্য চলাকালীন প্রধানমন্ত্রী এনডিএ সাংসদদের সংসদে ১০০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন এবং গুরুত্বপূর্ণ আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে বলেন। আসন্ন বাজেটের সাফল্য এবং এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তির সুফল যাতে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, তার জন্য সাংসদদের জনসংযোগ বাড়াতেও পরামর্শ দেন তিনি। মোদীর মতে, বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনার মাঝেও ভারতের এই লাভজনক অবস্থান প্রমাণ করে যে সরকার সঠিক পথেই এগোচ্ছে।