ট্রাম্প-মোদী ম্যাজিক! বাজার খুলতেই ২০ লক্ষ কোটি লাভ, দালালা স্ট্রিটে টাকার বৃষ্টি!

মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এক অবিস্মরণীয় ‘সুপার টুয়েসডে’র সাক্ষী থাকল বিনিয়োগকারীরা। ভারত ও আমেরিকার মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবর চাউর হতেই উত্তাল হয়ে ওঠে বাজার। এই ব্রেকথ্রু ডিলের ফলে বাজার খোলার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের পকেটে এসেছে প্রায় ২০ লক্ষ কোটি টাকা। বিএসই (BSE) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজার মূলধন ৪৫৫ লক্ষ কোটি টাকা থেকে এক লাফে বেড়ে ৪৭৪ লক্ষ কোটি টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সবচেয়ে বড় চমক দেখিয়েছে নিফটি ৫০। একদিনে ১,২০০ পয়েন্টের রেকর্ড উত্থান এর আগে সূচকের ইতিহাসে কখনও দেখা যায়নি। এই চুক্তির ইতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রপ্তানিমুখী সংস্থাগুলোর ওপর। ভারত ফোর্জ, অশোক লেল্যান্ড এবং ফেডারেল ব্যাঙ্কের মতো ব্লু-চিপ শেয়ারগুলো আজ তাদের ৫২ সপ্তাহের নতুন সর্বোচ্চ স্তর স্পর্শ করেছে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রবল আস্থার প্রতিফলন।
বিশেষ করে টেক্সটাইল এবং কেমিক্যাল সেক্টরের শেয়ারগুলোতে ছিল চোখে পড়ার মতো তেজ। আমেরিকা এই পণ্যগুলোর প্রধান বাজার হওয়ায় গোকালদাস এক্সপোর্টস, কেপিআর মিলস এবং অরবিন্দের মতো স্টকগুলোর দাম ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ বিভাগেও ছিল খুশির হাওয়া; ওয়েলস্পান লিভিং, আরতি ইন্ডাস্ট্রিজ এবং ট্রাইডেন্টের মতো শেয়ার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মুনাফা দিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আমেরিকার সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব ভারতীয় রপ্তানিকারকদের জন্য একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে, যা আগামী কয়েক বছর বাজারে এই তেজি ভাব বজায় রাখতে সাহায্য করতে পারে।