অবৈধ অনুপ্রবেশকারী রুখতে কড়া দাওয়াই! মোদী সরকারকে বড় দায়িত্ব মনে করিয়ে দিলেন মোহন ভাগবত!

আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তাদের প্রাথমিক কর্তব্যের কথা মনে করিয়ে দিলেন। হায়দ্রাবাদে সঙ্ঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘সঙ্ঘের যাত্রার ১০০ বছর – নতুন দিগন্ত’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি সাফ জানান, দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করা এবং তাঁদের বহিষ্কার করা সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব। ভাগবতের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মোহন ভাগবত বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি দেশ নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। ভারতেরও উচিত কোনো কিছুর সাথে আপস না করে নিজস্ব পথ বেছে নেওয়া। তাঁর মতে, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির মোকাবিলা করতে ভারতকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হতে হবে। অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি যোগ করেন, সাধারণ নাগরিকরা কেবল অবৈধ অভিবাসীদের বিষয়ে কর্তৃপক্ষকে সচেতন করতে পারেন, কিন্তু চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে প্রশাসনকেই।

বিশ্বজুড়ে চলা অস্থিরতা ভারতের ওপর কেন কম প্রভাব ফেলছে, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন সঙ্ঘ প্রধান। তিনি বলেন, ভারতের শক্তিশালী ‘পরিবার ব্যবস্থা’, সোনার সঞ্চয় এবং পরিবার-কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড দেশকে বহিঃশত্রু বা বিশ্ব মন্দার হাত থেকে রক্ষা করছে। সঙ্ঘ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরএসএস-কে বুঝতে হলে এর অংশ হওয়া প্রয়োজন। দেশের উন্নয়নে নাগরিক, সরকার এবং রাজনৈতিক দল— প্রত্যেকেরই নির্দিষ্ট ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।