সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অলঙ্কার অগ্নিহোত্রী! স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি

প্রয়াগরাজ ও বরেলির বিতর্কিত পিসিএস অফিসার অলঙ্কার অগ্নিহোত্রী এখন সংবাদের শিরোনামে। বরেলির সিটি ম্যাজিস্ট্রেটের পদ থেকে পদত্যাগ করার পর, এবার নিজের স্থগিতাদেশের (Suspension) বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সোমবার প্রয়াগরাজে আইনজীবীদের একটি প্যানেলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। অলঙ্কার জানিয়েছেন, তাঁর আইনি দল বর্তমানে স্থগিতাদেশের নোটিশটি খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই তিনি হাইকোর্টে পিটিশন দাখিল করবেন।
কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ নিউজ ১৮-এর সাথে একান্ত আলাপচারিতায় অলঙ্কার অগ্নিহোত্রী এসসি-এসটি (SC-ST) আইনকে সাধারণ শ্রেণির জন্য একটি ‘কালো আইন’ হিসেবে বর্ণনা করেছেন। কেন্দ্রের মোদী সরকারকে কড়া ভাষায় বিঁধে তিনি বলেন, “বর্তমান সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আচরণ করছে।” তাঁর দাবি, আগামী ৬ই ফেব্রুয়ারির মধ্যে সরকারকে বিশেষ অধিবেশন ডেকে এই আইন বাতিল করতে হবে। অন্যথায়, ৭ই ফেব্রুয়ারি তিনি অনুগামীদের নিয়ে দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করবেন।
রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা ও যোগীর প্রতি অবস্থান রাজনীতিতে আসা নিয়ে অলঙ্কার স্পষ্ট জানিয়েছেন, এখনই কোনো দলে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর নেই। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি নমনীয়তা দেখালেও উচ্চবর্ণের নেতাদের কড়া সমালোচনা করেছেন। অলঙ্কারের মতে, ইউজিসি বিল এবং এসসি-এসটি আইনের বিরোধিতায় নেতাদের বিবেক জাগ্রত হওয়া উচিত। জ্যোতির্পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর আশীর্বাদ নিয়ে অলঙ্কার এখন দিল্লির রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।