আবারও কাঁপবে করাচি! ‘ধুরন্ধর ২’-এর প্রথম লুকে রণবীরের হুঙ্কার, কবে আসছে টিজার?

বলিউডের বক্স অফিস কাঁপানো স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের জন্য অপেক্ষার অবসান। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ধামাকেদার এন্ট্রি নিলেন রণবীর সিং। শেয়ার করলেন ‘ধুরন্ধর ২’-এর প্রথম লুক পোস্টার এবং সেই সঙ্গে ফাঁস করলেন ছবির অফিশিয়াল নাম— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

পোস্টারে বিধ্বংসী রণবীর: প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, রণবীর সিং অভিনীত চরিত্র ‘হামজা’ বৃষ্টিতে ভিজে রাগত দৃষ্টিতে তাকিয়ে আছেন, দু’হাত শক্ত করে মুঠো করা। পেছনে লাল আলোর ব্যাকগ্রাউন্ড ছবির অ্যাকশন ও প্রতিশোধের মেজাজকে স্পষ্ট করে তুলেছে। ক্যাপশনে রণবীর লিখেছেন, “আব বিগড়নে কা ওয়াক্ত আ গয়া হ্যায়”। অর্থাৎ, এবার বালোচ গ্যাং এবং আইএসআই-এর বিরুদ্ধে আরও ভয়ংকর রূপে অবতীর্ণ হতে চলেছেন এই ভারতীয় গুপ্তচর।

অক্ষয় খান্না কি ফিরছেন? সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে রণবীরের ট্যাগ লিস্টে। প্রথম পর্বে খলনায়ক ‘রহমান ডাকাত’-এর মৃত্যু হলেও সিক্যুয়েলের কাস্ট লিস্টে অক্ষয় খান্নার নাম উল্লেখ করেছেন রণবীর। এর ফলে ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, অক্ষয় কি তবে ফ্ল্যাশব্যাক নাকি অন্য কোনো টুইস্টের মাধ্যমে ফিরছেন? ছবিতে আগের মতোই থাকছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং অর্জুন রামপাল।

মুক্তির তারিখ ও টিজার আপডেট: আদিত্য ধর পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগুসহ মোট পাঁচটি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাবে। আজ দুপুর ১২টা ১২ মিনিটে ছবির টিজার মুক্তি পাওয়ার কথা নিশ্চিত করেছেন অভিনেতা। উল্লেখ্য, প্রথম ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১৩০০ কোটির বেশি ব্যবসা করে ইতিহাস গড়েছিল।