. টাটার ঝড়ে কুপোকাত মাহিন্দ্রা-হুন্ডাই! জানুয়ারিতে সবাইকে টেক্কা দিয়ে ১ নম্বরে এই সস্তার SUV

২০২৬ সালের শুরুতেই ভারতীয় অটোমোবাইল বাজারে সুনামির গতিতে বাড়ল গাড়ি বিক্রি। জানুয়ারি মাসে মোট ৪.৫ লক্ষ ইউনিট যাত্রীবাহী গাড়ি বিক্রি করে ইতিহাস গড়েছে ভারতের গাড়ি বাজার। বিশেষ করে SUV সেগমেন্টে মাহিন্দ্রা এবং হুন্ডাইয়ের মতো জায়ান্টদের কার্যত ধুলো চাটালো টাটা মোটরস। আপনি কি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তবে এক নজরে দেখে নিন গত মাসের সেরা ৫টি বিক্রিত গাড়ির তালিকা।

শীর্ষে টাটা নেক্সন, দ্বিতীয় স্থানেও চমক ভারতের রাস্তায় এখন টাটার জয়জয়কার। জানুয়ারিতে ২৩,৩৬৫ ইউনিট বিক্রি করে তালিকার শীর্ষে নিজের জায়গা পাকা করে নিয়েছে টাটা নেক্সন (Tata Nexon)। এখানেই শেষ নয়, টাটার ছোট এসইউভি ‘পাঞ্চ’ (Punch) ১৯,২৫৭ ইউনিট বিক্রি করে দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ সেরা দুই মডেলই এখন টাটার দখলে।

পিছিয়ে নেই হুন্ডাই ও মারুতি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হুন্ডাইয়ের ‘ব্লকবাস্টার’ মডেল ক্রেটা (Creta), যার ১৭,৯২১ ইউনিট বিক্রি হয়েছে। অন্যদিকে, মারুতি সুজুকির ব্রেজা (Brezza) ১৭,৪৮৬ ইউনিট বিক্রি করে চতুর্থ স্থানে রয়েছে। মাহিন্দ্রার আইকনিক স্করপিও (Scorpio) ১৫,৫৪২ ইউনিট বিক্রি করে সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিলেও টাটার তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে।

কেন হঠাৎ এই রেকর্ড বিক্রি? বিশেষজ্ঞদের মতে, গত বছর ২২শে সেপ্টেম্বর কার্যকর হওয়া সংশোধিত জিএসটি (GST) হারের সুবিধা এখন মধ্যবিত্তের নাগালে আসায় গাড়ির চাহিদা তুঙ্গে। ফিন্যান্সের সহজলভ্যতা এবং মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে ২০২৬-এর শুরুতেই ডিলারদের ভাঁড়ার শূন্য হতে শুরু করেছে। নতুন মডেল হিসেবে মারুতি ভিক্টোরিয়াও ১৫,২৪০ ইউনিট বিক্রি করে বাজারে বড় চমক দিয়েছে।