স্ত্রীর ওপর রাগ, চরম বদলা নিতে ১২ বছরের সৎ ছেলেকে পিটিয়ে খুন! দিল্লির জঙ্গলে হাড়হিম করা কাণ্ড

দাম্পত্য কলহের জেরে চরম নিষ্ঠুরতার সাক্ষী থাকল দেশের রাজধানী। স্ত্রীর ওপর রাগের শোধ তুলতে তাঁর ১২ বছরের নিরপরাধ সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় এই রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ওয়াজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবারের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের মা তাঁর প্রথম স্বামীর মৃত্যুর পর ২০২০ সালে ওয়াজিদ খানকে বিয়ে করেন। পেশায় ই-রিকশা চালক ওয়াজিদের সঙ্গে গত কয়েকদিন ধরেই তাঁর স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন চলছিল। খুনের মাত্র পাঁচ দিন আগে তাঁদের মধ্যে বড়সড় ঝগড়া হয়, যার জেরে ক্ষুব্ধ হয়ে ওই মহিলা ঘর ছেড়ে নিজের বোনের বাড়িতে চলে যান। ওয়াজিদ বারবার তাঁকে ফিরে আসার অনুরোধ করলেও তিনি রাজি হননি। স্ত্রীর এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি ওয়াজিদ, আর সেই আক্রোশ গিয়ে পড়ে অবোধ শিশুর ওপর।

হত্যাকাণ্ডের দিন গত বৃহস্পতিবার, পরিকল্পনা মাফিক দুই সৎ ছেলেকে স্কুল থেকে নিজের ই-রিকশায় তুলে নেয় ওয়াজিদ। এরপর তাদের নিয়ে যায় শাস্ত্রী পার্ক চক লুপের কাছের একটি জঙ্গলে। ১৫ বছরের বড় ছেলেকে ই-রিকশায় অপেক্ষা করতে বলে ১২ বছরের ছোট ছেলেটিকে নিয়ে সে জঙ্গলের গভীরে প্রবেশ করে। সেখানেই পাথর এবং লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে শিশুটিকে খুন করে সে চম্পট দেয়। পরে পুলিশ অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জগপ্রবেশ চন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জেরায় নিজের অপরাধ কবুল করেছে অভিযুক্ত ওয়াজিদ।