টলিউডে খুশির হাওয়া! পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তালিকায় আর কোন বাঙালি?

নয়দিল্লি, ২৫ জানুয়ারি: ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক-সন্ধ্যায় ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্ম পুরস্কার’-এর তালিকা প্রকাশ করল কেন্দ্র। এ বছর বিনোদন জগতের জন্য এক বিশেষ দিন, কারণ তালিকায় জ্বলজ্বল করছে টলিউডের মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। কয়েক দশকের অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় আনন্দের বন্যা।

তবে কেবল বাংলা নয়, বলিউডও পেয়েছে বড় সম্মান। গত ২৪ নভেম্বর ভারতীয় সিনেমা হারিয়েছে তার কিংবদন্তি ‘হিম্যান’ ধর্মেন্দ্রকে। দেশবাসীর সেই প্রিয় ‘বীরু’কে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ বছর মোট ১৩১ জনকে পদ্ম সম্মান প্রদানের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ৫ জন পাচ্ছেন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পাচ্ছেন পদ্মশ্রী।

বাংলা থেকে এবার মোট ১১ জন কৃতি ব্যক্তি পদ্ম পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন। শিল্পকলা ছাড়াও সমাজসেবা, বিজ্ঞান ও সাহিত্যে বাংলার মেধা আবারও ভারতের দরবারে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। এবারের তালিকায় ১৯ জন মহিলা এবং ১৬ জনকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। টলিউড থেকে প্রসেনজিৎ ছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন দক্ষিণী তারকা আর মাধবন এবং মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। সংগীতের জন্য পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিককে। ফেব্রুয়ারি বা মার্চ মাসে রাষ্ট্রপতি ভবনের বিশেষ অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে প্রাপকদের হাতে।