ভারতের কণ্ঠস্বর স্তব্ধ! ৯০ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি

ভারতের ইতিহাসের এক জীবন্ত দলিল এবং বিশ্ববিখ্যাত সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রবিবার বিকেলে নয়াদিল্লির সাকেতের ম্যাক্স হাসপাতালে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা প্রবীণ সাংবাদিক সতীশ জ্যাকব তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। ১৯৩৫ সালে কলকাতার মাটিতে জন্ম নেওয়া এই মানুষটি আমৃত্যু ভারতকে তাঁর হৃদয়ে স্থান দিয়েছিলেন।

দীর্ঘ ২২ বছর ধরে বিবিসির দিল্লি ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মার্ক টালির সাংবাদিকতা ছিল আপসহীন। বিশেষ করে ১৯৭৫-৭৭ সালের জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে তাঁর বস্তুনিষ্ঠ ও নির্ভীক রিপোর্ট বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ভারত সরকার তাঁকে ২০০৫ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে এবং এর আগে ২০০২ সালে ব্রিটিশ রাজপরিবার তাঁকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেছিল।

একজন সাংবাদিকের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ লেখক ও উপস্থাপক। বিবিসি রেডিও ৪-এর জনপ্রিয় অনুষ্ঠান “সামথিং আন্ডারস্টুড”-এর মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছিলেন। ভারতীয় রেলওয়ে এবং ব্রিটিশ শাসন নিয়ে তাঁর করা তথ্যচিত্রগুলি আজও গবেষণার বিষয়। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতের একটি স্বর্ণযুগের অবসান হলো। ভারত ও ব্রিটেনের সেতুবন্ধনকারী এই কলম সৈনিকের প্রয়াণে শোকস্তব্ধ দুই দেশই।