জানুয়ারির শেষে বড় ধাক্কা! আমাজনে ফের গণছাঁটাই, চাকরি হারাতে চলেছেন ১৬ হাজার কর্মী

বিশ্বখ্যাত ই-কমার্স সংস্থা আমাজনে (Amazon) ফের ঘনিয়ে এল বড়সড় ছাঁটাইয়ের মেঘ। বছরের শুরুতেই দুঃসংবাদ দিয়ে সংস্থাটি জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের বিভিন্ন শাখা থেকে আরও প্রায় ১৬ হাজার কর্মীকে ছেঁটে ফেলা হতে পারে। মূলত খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যবহার বাড়াতেই এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে মার্কিন এই টেক জায়ান্ট।

গত বছর আমাজন ঘোষণা করেছিল যে, তারা ধাপে ধাপে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে। সেই লক্ষ্যমাত্রার প্রথম অংশ হিসেবে ২০২৫ সালের অক্টোবর মাসে ১৪ হাজার কর্মীকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার বাকি ১৬ হাজার কর্মীর ভাগ্যও অনিশ্চিত হয়ে পড়ল। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই এই ছাঁটাই প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আমাজনের ই-কমার্স বিভাগ ছাড়াও ওয়েব সার্ভিস (AWS), রিটেল, প্রাইম ভিডিও এবং হিউম্যান রিসোর্স (HR) বিভাগ থেকে কর্মীরা চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাজনের অক্টোবর মাসের ছাঁটাইয়ের নেপথ্যে প্রধান কারণ ছিল অটোমেশন এবং জেনারেটিভ এআই-এর ব্যাপক প্রয়োগ। সংস্থার অভ্যন্তরীণ একটি চিঠিতে আগেই জানানো হয়েছিল যে, কাজকে আরও নিখুঁত এবং গতিশীল করতে তারা মানুষের বদলে এআই-এর ওপর বেশি নির্ভর করছে। এর ফলেই প্রয়োজনের অতিরিক্ত ম্যানপাওয়ার কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত দফায় যাঁদের ছাঁটাই করা হয়েছিল, তাঁদের ৯০ দিনের বেতন বা পে-রোল দেওয়া হয়েছিল যাতে তাঁরা অন্য কোথাও কর্মসংস্থান খুঁজে নিতে পারেন। এবারও ১৬ হাজার কর্মীর ক্ষেত্রে একই ধাঁচে সেভারেন্স প্যাকেজ ঘোষণা করা হয় কি না, সেটাই দেখার। যদিও আমাজনের পক্ষ থেকে এই নতুন ছাঁটাই নিয়ে সরকারিভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি, তবে টেক দুনিয়ায় এই লে-অফ ঘিরে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে।