বড়দিনের বড় ধামাকা! ক্রিসমাসেই গর্জন করবেন ‘কিং’ শাহরুখ, প্রকাশ্যে এল মুক্তির তারিখ

২০২৩ সালে ‘পাঠান’ আর ‘জাওয়ান’-এর আকাশছোঁয়া সাফল্যের পর শাহরুখ-ম্যাজিকের অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বাদশার আগামী ছবি ‘কিং’-এর মুক্তির তারিখ। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের ঠিক আগের দিন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই মেগা অ্যাকশন এন্টারটেইনার।
শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি পাওয়ার-প্যাকড টিজারের মাধ্যমে ছবির তারিখ ঘোষণা করেন খোদ শাহরুখ খান। ভিডিওতে দেখা যাচ্ছে, বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় রক্তাক্ত লুকে দাঁড়িয়ে আছেন বাদশা, যা দেখে রীতিমতো শিহরণ জাগছে অনুরাগীদের মনে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “#KING ২৪.১২.২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে গর্জন করার জন্য প্রস্তুত। #ইটসকিংটাইম।” ছবির ট্যাগলাইনও বেশ রহস্যময়— “এই ক্রিসমাসে ভয়ই হবে মুকুট।”
‘কিং’ ছবিটি শাহরুখের কেরিয়ারের অন্যতম দামী এবং বড় বাজেটের ছবি হতে চলেছে। তবে এই ছবির বড় আকর্ষণ হলো শাহরুখ কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক। এই প্রথম বাবা ও মেয়েকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। গ্ল্যামারের ছোঁয়া দিতে ছবিতে রয়েছেন শাহরুখের পয়মন্ত নায়িকা দীপিকা পাড়ুকোন। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। ছবির স্টারকাস্টে রয়েছেন রানী মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সির মতো একঝাঁক তারকা।
উল্লেখ্য, ২০২৬-এর বড়দিনের এই স্লটটি বক্স অফিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ হলিউডের বড় ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডুন থ্রি’-র ঠিক পরেই মুক্তি পাচ্ছে ‘কিং’। তবে সিদ্ধার্থ আনন্দের পরিচালনা আর শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ অবতার যে সব রেকর্ড ভেঙে তছনছ করতে প্রস্তুত, তার ইঙ্গিত মিলল আজকের এই প্রোমোশনাল ভিডিওতেই।