‘খেলা হবে এপ্রিলে, তখন বুঝবেন কে খেলে!’ সুপ্রিম নির্দেশের পর হুঙ্কার দিলীপ ঘোষের

সুপ্রিম কোর্টের SIR (Special Investigation Report) সংক্রান্ত নির্দেশের পর এবার রাজ্যের আইন-শৃঙ্খলা এবং শিল্প পরিস্থিতি নিয়ে সরাসরি আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, বর্তমানে বাংলার যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তা কোনোভাবেই শিল্পোন্নয়নের পক্ষে অনুকূল নয়। শিল্প আনতে গেলে রাজ্যে ‘ডাবল ইঞ্জিন’ সরকার আনা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “বাংলার আইন-শৃঙ্খলা শিল্পের জন্য একদমই ঠিক নয়। এখানে ডাবল ইঞ্জিন সরকার হলেই শিল্প হবে।” আসন্ন নির্বাচনকে ইঙ্গিত করে তাঁর হুঁশিয়ারি, “বাংলায় খেলা হবে এপ্রিলে। তখন দেখা যাবে কে খেলবে।” তাঁর দাবি, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন চায় রাজ্যে সুষ্ঠুভাবে ভোট হোক, কিন্তু শাসকদল তাতে বাধা সৃষ্টি করছে।
তৃণমূলকে তোপ দেগে দিলীপ আরও বলেন, “SIR ঘোষণার দিন থেকে এখানে অশান্তি শুরু হয়েছে। রাজ্যে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করা হচ্ছে যাতে ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়।” মূলত ভোটার তালিকা এবং SIR মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে যে কড়া নির্দেশ দিয়েছে, তার রেশ ধরেই দিলীপ ঘোষ এদিন রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।