বিজেপি নেতার ভাইয়ের এনকাউন্টার নিয়ে রণক্ষেত্র হরিয়ানা! ২৭ গ্রামের মহাপঞ্চায়েত থেকে সাইনি সরকারকে চরম হুঁশিয়ারি

হরিয়ানার ঝাজ্জর জেলায় পুলিশি এনকাউন্টারকে কেন্দ্র করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পুলিশের গুলিতে বিদ্ধ হওয়া বিজেপি নেতা প্রদীপ আহলাওয়াতের ভাই পঙ্কজ আহলাওয়াতের সমর্থনে এবার ময়দানে নামল ২৭টি গ্রামের ‘খাপ’ পঞ্চায়েত। রবিবার দিঘল গ্রামে আহলাওয়াত খাপের প্রধান জয় সিং আহলাওয়াতের সভাপতিত্বে একটি বিশাল মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়, যেখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সম্প্রতি ঝাজ্জর পুলিশ দিঘল গ্রামের পঙ্কজ আহলাওয়াত এবং তার দুই সহযোগী নিতেশ ও রোহিতকে গ্রেফতার করে। পুলিশের দাবি, এনকাউন্টারের সময় পালানোর চেষ্টা করলে পঙ্কজের পায়ে গুলি লাগে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। কিন্তু এই এনকাউন্টারকে ‘সাজানো’ বলে দাবি করেছে পঙ্কজের পরিবার। মহাপঞ্চায়েতে পঙ্কজের বাবা তথা প্রাক্তন চেয়ারম্যান আনন্দ এবং তার ভাই বিজেপি মুখপাত্র প্রদীপ আহলাওয়াত দাবি করেন, পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকতে নিরপরাধ যুবকদের ফাঁসানোর চেষ্টা করছে।

সরকারকে সাত দিনের আল্টিমেটাম প্রায় আড়াই ঘণ্টা চলা এই মহাপঞ্চায়েতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, একটি বিশেষ কমিটি গঠন করে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা হবে। খাপ প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশকে সাত দিনের সময় দেওয়া হচ্ছে সঠিক তদন্তের জন্য। যদি এই সময়ের মধ্যে সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হয়, তবে হরিয়ানা জুড়ে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ২৭ গ্রামের প্রতিনিধিরা। এই ঘটনায় হরিয়ানা সরকারের অস্বস্তি যে বহুগুণ বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই।